নৈশ প্রহরীকে বেঁধে ডাকাতি

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১০:০৫ পিএম

নাটোরের নলডাঙ্গায় নৈশপ্রহরীকে বেঁধে রেখে চারটি দোকানের ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা প্রায় কোটি টাকার মালামাল লুট করে নেয় বলে জানান ভুক্তভোগীরা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে নলডাঙ্গা বাজারের ভিআইপি রোডের রাশেদুল ইসলাম, মজিবর রহমান, মাজেদুর রহমান এবং শহিদুল ইসলামের দোকানে ডাকাতি হয়। ডাকাতরা চারজন নৈশপ্রহরীকে বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে ডাকাতি করে। যাওয়ার সময় তারা দোকানের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে সিসিটিভি হার্ডডিস্ক নিয়ে যায়। সকালে ব্যবসায়ীরা দোকান খুলতে এলে সাটার ভাঙা দেখতে পান। পরে দোকানপাট বন্ধ রেখে থানা ঘেরাও করেন। পুলিশ ডাকাতদের গ্রেপ্তার এবং শাস্তির আশ্বাস দিলে তারা ফিরে আসেন।

নলডাঙ্গা থানার ওসি হুমায়ুন কবির বলেন, রাত ২টা পর্যন্ত পুলিশ টহল ছিল। বাজার এলাকা থেকে অন্যদিকে চলে যাওয়ার পরপর এ ঘটনা ঘটে থাকতে পারে। অন্য দোকানের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখছি। শিগগিরই ডাকাতদের আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত