হাকিমপুরের হিলিতে বাংলাদেশ-ভারত সীমান্তের মাঝে ব্যবহৃত সীমানা পিলার পুনর্নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য দুদেশের ভূমি জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা বৈঠক করেছেন। গতকাল বুধবার সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেট সংলগ্ন বিজিবির পোস্টের পাশে এ বৈঠক হয়। এতে বিজিবি ও বিএসএফের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে কলকাতার ভূমি জরিপ কমিশনের ইনচার্জ বিদেশ নাইয়ার নেতৃত্বে তিন সদস্য প্রতিনিধিদলের অন্যরা হলেন সার্ভেয়ার তপন কুমার, সহকারী সার্ভেয়ার সুকদেব দাস। আর বাংলাদেশ ভূমি জরিপ অধিদপ্তর ঢাকার ইনচার্জ অফিসার পারভেজ মিয়ার নেতৃত্বে সার্ভেয়ার আশরাফুল ইসলাম, চেইনম্যান হাফিজুর রহমান ও হিলি অফিসের সার্ভেয়ার সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পারভেজ মিয়া বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের সীমানা চিহ্নিতকরণে যেসব পিলার রয়েছে, তার মধ্যে যেসব নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ হবে। এরই অংশ হিসেবে দুই দেশের ভূমি জরিপ অধিদপ্তরের এ বৈঠক।
