ফরিদপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০১:০৭ পিএম

ফরিদপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুর-কাশিয়ানী আঞ্চলিক সড়কের জেলার বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামের বাসিন্দা আছর মল্লিকের মা আয়েশা বেগম (৭৫) গুরুতর অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা যান তিনি। মায়ের মরদেহ নিয়ে ছেলে আছর মল্লিক বিকেলে ঢাকা থেকে মাইক্রোবাসযোগে গ্রামের বাড়ি কাশিয়ানির রামদিয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে রাত সাড়ে ৩টার দিকে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালিপুর এলাকায় আসামাত্রই রাস্তায় গাছের গুঁড়ি ফেলে তাদের মাইক্রোবাসের গতিরোধ করে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামের বাসিন্দা আছর মল্লিক বলেন, মায়ের মরদেহ নিয়ে ফেরার পথে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে প্রথমে আমাদের গাড়ির গতিরোধ করা হয়।

পরে ১০-১২ জন মুখোশধারী ডাকাত অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে কাছে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকা ও সঙ্গে থাকা নারীদের স্বর্ণালংকার লুটে নেয় তারা।

তিনি আরও জানান, ডাকাতরা মালামাল লুটে নিয়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, রাতে ডাকাতির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত