যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে নাটোরে মাদকবিরোধী সমাবেশ হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার নাটোর মহারাজা জগদিন্দ্রনাথ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুবসমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। তবেই দেশের উন্নয়ন টেকসই হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম, নাটোর সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সার্কেলের পরিদর্শক লুৎফর রহমান প্রমুখ।
সমাবেশে প্রতিষ্ঠানের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিরা।
