ডিসেম্বরের বেতন পাননি ৯৭ কর্মকর্তা-কর্মচারী

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১১:২৮ পিএম

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ শূন্য থাকায় মৌলভীবাজারের কমলগঞ্জ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯৭ জন কর্মকর্তা-কর্মচারী গত ডিসেম্বর মাসের বেতন পাননি। চলতি জানুয়ারিতে পাবেন কি না তা নিয়ে তারা ভুগছেন দুশ্চিন্তায়। বেতন না পাওয়ায় হতাশায় ভুগছেন বিভিন্ন বিভাগের মাঠপর্যায় থেকে শুরু করে অফিস কর্মচারীরা। গত বছরের ১৯ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইয়াহহিয়ার পদোন্নতিজনিত বদলি হওয়ায় পদটি এখনো শূন্য।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইয়াহিয়ার পদোন্নতিজনতি বদলি হওয়ার পর এখনো নতুন কোনো কর্মকর্তা যোগদান না করায় প্রশাসনিক জটিলতায় আটকে আছে সব কার্যক্রম। আবাসিক মেডিকেল অফিসার সাজেদুল কবিরকে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব দিলেও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়নি। ভারপ্রাপ্ত হিসেবে তার স্বাক্ষরে অফিশিয়াল অন্যান্য কাজ হলেও বেতন উত্তোলন ক্ষেত্রে কাজ হচ্ছে না। বেতন উত্তোলন করতে হলে ঢাকা প্রধান কার্যালয় থেকে অনুমোদন করে আনতে হয়। সেটাও করা যাচ্ছে না। এতে করে স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়, অফিস স্টাফসহ প্রায় ৯৭ জনের বেতন বন্ধ। 

স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক সমরজিত সিংহ বলেন, ৯৭ জন স্টাফের ডিসেম্বর মাসের বেতন আটকে আছে। জানুয়ারির বেতন না হওয়ারও আশঙ্কা রয়েছে। কয়েকজন স্বাস্থ্যকর্মী বলেন, অনেক কষ্টে দিনযাপন করছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সাজেদুল কবির বলেন, ‘ভারপ্রাপ্ত হিসেবে নিজের স্বাক্ষরে অফিশিয়াল অন্যান্য কাজ করতে পারলেও বেতন বিলে স্বাক্ষরে অনুমোদন নেই।’

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. শাহাজান কবির চেীধুরী বলেন, ‘বিষয়টি ঢাকায় চিঠি দিয়ে জানানো হয়েছে। আশা করি দ্রুত সমাধান হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত