নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে খালুর বিরুদ্ধে মামলা করেছিলেন বাবা। আদালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বাবাকে কারাদ- দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিনহাজুর রহমান মামলার বাদী কেরামত আলীকে তিন বছরের সশ্রম কারাদ- দেন। কেরামত জেলার দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাসীর হাজারীপাড়ার লস্কর আলীর ছেলে। রায় ঘোষণার সময় দ-প্রাপ্ত আসামি অনুপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, কেরামত আলী ২০১৬ সালের ৯ মার্চ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী (১৩) নিজের মেয়েকে একই বছরের ৩ মার্চ রাত সাড়ে ৮টায় ভুট্টাক্ষেতে ধর্ষণের অভিযোগ এনে মেয়েটির খালু একই উপজেলার প্রধানপাড়া গ্রামের মোশারফ হোসেনের (৪২) বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা করেন। মোশারফ হোসেন বাদী কেরামত আলীর ভায়রা ভাই। ওই ভিক্টিম ২০১৭ সালের ১১ জুলাই অতিরিক্ত দায়রা জজ আদালতে সাক্ষ্য দিয়ে বলেন, ‘তিনি আমার খালু। ভুল বোঝাবুঝির কারণে আমার বাবা খালুর বিরুদ্ধে এই মামলা করেছেন। তিনি আমার কোনো ক্ষতি করেননি।’ এই স্বীকারোক্তি প্রদানের পর আদালত সিআর ৪৬১/১৭ নামে ২১১ ধারায় একটি মামলা করে ব্যবস্থা নিতে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পাঠায়। কেরামতের মোবাইলে ফোন দিলে তার ছেলে ফোন ধরে বলেন, বাবা ঢাকায়। তিনি মামলার রায় শুনেছেন।
