রাজধানীর সবুজবাগে এক যুবকের বিরুদ্ধে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার রাতে ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ঘটনায় জড়িত জুবায়ের (২৫) নামে ওই যুবককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
সবুজবাগ থানার ওসি মো. মাহবুব আলম দেশ রূপান্তরকে জানান, শিশুটির পরিবার বাসাবো এলাকার একটি বাসায় ভাড়া থাকে। অভিযুক্ত জুবায়ের তাদের পাশের রুমে ভাড়া থাকত। গত ১৬ জানুয়ারি সকালে শিশুটিকে ফুসলিয়ে তার রুমে নিয়ে ধর্ষণ করে জুবায়ের।
ভয়ভীতি দেখানোর কারণে শিশুটি তখন কারও কাছেই কিছু বলেনি। একপর্যায়ে শিশুটি তার মাকে সবকিছু খুলে বলে। পরে বুধবার রাতে সবুজবাগ থানায় একটি মামলা করে শিশুটির পরিবার।
জুবায়ের পলাতক থাকলেও তার অবস্থান নিশ্চিত হওয়া গেছে। যেকোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হবে।
