মাগুরায় ‘ডাকাতের’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১২:২৭ পিএম

মাগুরা সদর উপজেলার বরই এলাকা থেকে মিন্টু গাজী (৪২) নামে এক ডাকাত সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১টার দিকে বরই গ্রামের সুইচ গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, নিজেদের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন মিন্টু গাজী।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গ্রামবাসী গোলাগুলির শব্দ শুনতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাথায় গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাস্থল থেকে একটি শুটার গান, দুইটি গুলির কার্তুজ ও দুইটি দা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ধারণা করছে, দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে মিন্টু গাজী নিহত হয়েছেন। রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘নিহতের আন্তঃজেলা ডাকাত দলের সদস্যের নাম মিন্টু গাজী। তিনি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ইটনা গ্রামের ফায়েক গাজীর ছেলে। তার নামে মাগুরা ফরিদপুর ও যশোরের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।’                      

×
সর্বশেষ সর্বাধিক পঠিত