ভারতে কেন্দ্রীয় বাজেটের আগে শুক্রবার দেশটির প্রধান বিচারপতি এসএ বোবদে নাগরিকদের ওপর করের বোঝা কমানোর আহ্বান জানিয়েছেন।
আয়কর আপিল ট্রাইব্যুনাল এর ৭৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিল্লিতে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, অতিরিক্ত করকে এক ধরনের সামাজিক অন্যায় হিসেবে দেখা যেতে পারে।
ভারতের প্রধান বিচারপতি বলেন, ‘কর ফাঁকি দেওয়া যেমন সহনাগরিকদের প্রতি অন্যায়, তেমনই স্বেচ্ছাচারী বা অতিরিক্ত কর সরকারের সামাজিক অন্যায়।''
প্রধান বিচারপতির এই পরামর্শ এমন এক সময়ে এল যখন ভারতের অর্থনীতি বড় সমস্যার সম্মুখীন। খুচরা মুদ্রাস্ফীতি বেড়ে গত সাড়ে পাঁচ বছরের সর্বাধিক ৭ দশমিক ৩৫ শতাংশ হয়েছে গত ডিসেম্বরে।
সবজি বিশেষ করে পেঁয়াজের অত্যধিক মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের। আর্থিক বৃদ্ধির হার নেমে গেছে ৫ এর নিচে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, বেকারত্ব ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির ফলে দেশ ‘অর্থনৈতিক জরুরি অবস্থা’র সম্মুখীন।
বিরোধীদের আরো অভিযোগ, ২০১৭ সালে জিএসটি চালু করার পর দেশের বাণিজ্যক্ষেত্রের সমস্যা বেড়েছে।
এদিন নিজের ভাষণে প্রধান বিচারপতি বলেন, এই পরিস্থিতিতে আয়কর আপিল ট্রাইব্যুনালের বড় ভূমিকা রয়েছে।
