রাজধানী থেকে অপহৃত কলেজছাত্র খালিদ হাসান ধ্রম্নব (১৯) ও তার ভাগনে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী তানজিম আল ইসলাম দিবসকে (১৭) উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
অপহরণের চার দিন পর ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শনিবার সকালে টাঙ্গাইল থেকে তাদের উদ্ধার করে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন একাধিক স্বজন। ওই ঘটনায় দায়ের মামলার তদন্ত কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার গোলাম মোস্তফা রাসেল জানান, এ বিষয়ে আজ রবিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
স্বজনরা দেশ রূপান্তরকে জানান, ২১ জানুয়ারি মোহাম্মদপুর থেকে অপহরণ করা হয় ঢাকা কলেজের ইংরেজি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ধ্রুব ও তার ভাগনে ধানমণ্ডির ভি এইচ ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী দিবসকে। অপহরণকারীরা দিবসের পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। ওই টাকা না দিয়ে ডিবি পুলিশের সহায়তায় তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
