ঢাকার ধামরাইয়ে এক গরু ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ৭ লাখ ২৫ হাজার টাকা লুট করেছে স্থানীয় কয়েক যুবক।
সোমবার সকালে উপজেলার আলোকদিয়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যবসায়ী আব্বাস আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে আব্বাস সকালে গরু কিনতে ৭ লাখ ২৫ হাজার টাকা নিয়ে বের হন। এ সময় ওত পেতে থাকা স্থানীয় যুবক জুলহাস উদ্দিন, সুরুজ মিয়া ও ইদ্রিস আলীসহ কয়েকজন তাকে মেরে সব টাকা লুট করে নেয়। আব্বাসের চিৎকারে লোকজন এগিয়ে এলে লুটকারীরা পালিয়ে যায়। পরে তারা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, আব্বাসের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ধামরাই থানার এসআই মিজানুর রহমান বলেন, জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
