আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। রাজধানী কাবুল থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গজনি প্রদেশের তালেবান-নিয়ন্ত্রিত দেহ ইয়াক জেলায় গতকাল সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটের দিকে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে বাহনটিতে কতজন আরোহী ছিল বা কত জন হতাহত হয়েছে তার কোনো তথ্য পাওয়া যায়নি।
গজনির প্রাদেশিক সরকারের মুখপাত্র আরিফ নুরি উড়োজাহাজ বিধ্বস্তের খবর নিশ্চিত করেছেন। নুরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আরিয়ানা আফগান এয়ারলাইনসের একটি বোয়িং উড়োজাহাজ গজনির দেহ ইয়াক জেলার সাদো খেল এলাকায় বিধ্বস্ত হয়েছে। তিনি জানান, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এতে আগুন ধরে গেছে।
তবে বিবিসির খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি আরিয়ানা এয়ারলাইনসের বলে জানানো হলেও কোম্পানিটি এ কথা অস্বীকার করেছে। কোম্পানির এক প্রতিনিধি বলেছেন, আরিয়ানা এয়ারলাইনসের যে উড়োজাহাজ উড্ডয়ন করেছিল সেটি গন্তব্যে পৌঁছেছে। বিধ্বস্ত হয়নি। আর যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে সেটি আরিয়ানা এয়ারলাইনসের নয়।’ এদিকে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমও ভিন্ন ভিন্ন সংবাদ প্রচার করছে বিধ্বস্ত উড়োজাহাজ নিয়ে। সিএসবি নিউজ বলছে, আফগান সিভিল এভিয়েশন কর্র্তৃপক্ষও নিশ্চিত করতে পারেনি বিধ্বস্ত উড়োজাহাজটি আসলে কোনো যাত্রীবাহী নাকি সামরিক।
