ইসরায়েলি পাসপোর্ট নিয়ে সৌদি আসা যাবে না: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০৯:২৮ এএম

ইসরায়েলি পাসপোর্টধারী কেউ সৌদি আরবে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

ইসরায়েলি নাগরিকরা বিশেষ পরিস্থিতিতে সৌদি ভ্রমণ করতে পারে- দেশটির এমন ঘোষণার জবাবে তিনি এ কথা বলেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নীতি সুনির্দিষ্ট। ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এখন ইসরায়েলি পাসপোর্ট নিয়ে সৌদি আরব ভ্রমণ করা যাবে না।’

সৌদি গেজেট জানায়, যদি আমন্ত্রণ জানানো হয় এবং সৌদি কর্তৃপক্ষ অনুমতি দেয়, তাহলে হজের জন্য অথবা বিনিয়োগ কিংবা বৈঠকে অংশ নিতে ইসরায়েলি নাগরিকদের ভ্রমণের অনুমতি দেওয়া হবে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার ঘোষণা দেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যদি শান্তিচুক্তি হয়, তাহলে এই অঞ্চলের সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ত হওয়ার বিষয়টি আলোচনা করা যেতে পারে বলে আমি বিশ্বাস করি।’

প্রসঙ্গত, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উষ্ণ করছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের সৌদি-ঘেঁষা দেশগুলো। আগে থেকেই দুই পক্ষের মধ্যে গোয়েন্দা সম্পর্ক থাকলেও, সম্প্রতি সেটা প্রকাশ্য কূটনীতিক সম্পর্কে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত