আদালত প্রাঙ্গণে প্রধান নির্বাচন কমিশনারের কুশপুত্তলিকা পুড়িয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন বয়কট করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ প্যানেল।
মঙ্গলবার দুপুরে জেলা আদালত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সিনিয়র আইনজীবী আখতার হোসেনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিরোধিতা করে আসছিল বিএনপি। গত সোমবার নির্বাচনের ভেন্যু নির্মাণাধীন বার ভবনের নিচতলা থেকে সরিয়ে জেলা ও দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় স্থানান্তর করা হয়। এ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীরা প্রথমে প্রধান নির্বাচন কমিশনার আখতার হোসেনকে আদালত প্রাঙ্গণে হেনস্তা করেন এবং পরে সাংবাদিকদের ডাকেন।
সম্মেলনে মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, ‘হঠাৎ করে ভেন্যু পরিবর্তন করা হয়েছে। এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগামীকালের নির্বাচন আমরা বর্জন করলাম।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক প্রার্থী আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র আইনজীবী আবদুল বারী ভূঁইয়া, আবদুল হামিদ ভাসানী প্রমুখ।
