আগামী ১ ফেব্রুয়ারি পরিবর্তনের দিন বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মোহাম্মদপুরের শের শাহ সুরী রোডে গণসংযোগ শুরুর আগে এক পথসভায় এ মন্তব্য করে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের নিজেদের ভাগ্য ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্বাচনের দিন পরিবর্তনের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। কোনো ধরনের গুজবে কান দেবেন না।’
তাবিথ বলেন, সরকার ভয় পাচ্ছে। কারণ বিএনপির প্রচারে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গণজোয়ারের কারণে ব্যাপক ভোট পড়বে। ভোট পড়লেই ধানের শীষ জয়ী হবে। এ কারণে আগামী কয়েক দিন তারা ভয়-ভীতি ও গুজব সৃষ্টি করতে পারে। আমরা এসবে ভয় পাব না। নির্ভয়ে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রে যেতে হবে। তিনি বলেন, নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি আছে। ১ ফেব্রুয়ারি আমাদের সবাইকে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। নইলে আমাদের ভোট চুরি হতে পারে। অন্য কেউ আমাদের ভোট দিয়ে দেবে।
এক প্রশ্নের জবাবে বিএনপির এই মেয়র প্রার্থী সাংবাদিকদের বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক ও নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করলে পোলিং এজেন্টদের বের করে দেওয়া সম্ভব নয়। তিনি অভিযোগ করে বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে ১০৪টি অভিযোগ জমা পড়লেও তা আমলে নেওয়া হয়নি। কোনো ব্যবস্থা না নিয়েই ১০২টি নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। এতে আমাদের মনে যে শঙ্কা আছে তা বাড়ছে। তবু আমরা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছি।
এরপর টাউন হলে আরেক পথসভায় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশে তাবিথ আউয়াল বলেন, ‘এটি একটি ঐতিহাসিক স্থান। কিন্তু অবহেলিত হয়ে আছে। নামকরা স্কুল আছে। কিন্তু এখানকার পরিবেশ ভালো নয়। মাদকের ছড়াছড়ি। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও খারাপ। তাই ১ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে আপনারা নিজেদের অধিকার ফিরিয়ে আনবেন। কাউকে ভোট চুরি করতে দেব না। নিজেদের ভোট নিজেই দেব। চুরি রুখে দিতে হবে।’
এরপর তিনি জাকির হোসেন রোড, কাজী নজরুল ইসলাম রোড কলোনি, নূরজাহার রোড, তাজমহল রোড, কৃষি মার্কেট, জহুরি মহল্লা, শম্পা মার্কেট, আদাবর বাজার, মনসুরাবাদ, শনির বিল বাজার এলাকায় গণসংযোগ করেন। সেখান থেকে হুড খোলা গাড়িতে করে মিরপুর ১ নম্বর যান। এরপর দারুস সালাম রোড হয়ে পাইকপাড়ায় গণসংযোগ করেন। পরে কাজীপাড়ায় পথসভা শেষে এদিনের নির্বাচনী প্রচার শেষ করেন তাবিথ।
