ওয়ারীর ওসি যেন যুবলীগ সভাপতি : রিজভী

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৩:৫৭ এএম

রাজধানীর ওয়ারী থানার ওসি আজিজুর রহমান আজিজ যেন থানা যুবলীগ সভাপতির দায়িত্ব পালন করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে তিনি বলেন, গোপীবাগে হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে মামলা নেননি ওয়ারী থানার ওসি আজিজুর রহমান আজিজ। উল্টো তিনি বিএনপি নেতাকর্মীদের হুমকিধমকি দিচ্ছেন। তিনি যেন ওই থানায় যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

রিজভী বলেন, ঢাকা সিটি নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ও আইনশৃঙ্খলা বাহিনী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি। গোপীবাগে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের প্রচারে হামলা করে আবার তার সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের ঘটনায় বিষয়টি স্পষ্ট হয়েছে। তিনি বলেন, সিটি নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে ততই আইন শৃঙ্খলা বাহিনীর স্বরূপ উন্মোচিত হতে শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের প্রার্থীকে জেতাতে মরিয়া হয়ে উঠেছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে যে অবস্থা বিরাজমান ছিল অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী কর্র্তৃক নেতাকর্মীদের হয়রানি, মিথ্যা ও গায়েবি মামলা দায়ের, বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করে তাদের ঘুম কেড়ে নেওয়ার নীতিÑ এবারও তারা তা অব্যাহত রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত