বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ০৮:২০ পিএম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার এক গ্রামে বিয়ের দাবিতে দুই দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন এক তরুণী (২৭)।

শুক্রবার উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামে প্রেমিক শুভ্র দাসের (২৯) বাড়িতে অনশনরত ওই তরুণীকে দেখতে ভিড় জমায় এলাকাবাসী। বৃহস্পতিবার রাত থেকে তিনি ওই বাড়িতে অবস্থান নিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন।

শুভ্র গছাহার গ্রামের ক্ষেণপাড়ার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সুকুমার দাসের ছেলে। পুরো এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।

অনশনে বসা মাস্টার্স পাস ওই তরুণী অভিযোগ করেন, ২০০৮ সাল থেকে আত্মীয়তার সূত্রে শুভ্র দাসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পড়াশোনা চলাকালে রংপুরে আমাদের নিয়মিত দেখা হতো। একাধিকবার বিয়ের কথা বলার পরে শুভ্র কালক্ষেপণ করে বিষয়টি এড়িয়ে যায়।

তিনি আরও বলেন, ‘২০১৫ সালে শুভ্র পুরোপুরি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি আমার পরিবারের মাধ্যমে অনেক বার তার বাড়িতে বিয়ের জন্য প্রস্তাব পাঠাই। কিন্তু তার মা রাজি না থাকায় তা সম্ভব হয়নি। শেষমেশ গত ২০১৯ সালে ১৮ ডিসেম্বর তাকে অনেক কষ্টে বিয়ে করতে রাজি করালে বন্ধুবান্ধব নিয়ে বিয়ের জন্য তাকে মন্দিরে নিয়ে গেলেও সেখান থেকে সে পালিয়ে যায়।

তিনি জানান, খোঁজ নিয়ে জানতে পারি পরিবার থেকে তাকে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করছে। তিনি শুভ্র দাসের সঙ্গে তার সম্পর্কের বিষয়টির সমাধান করে দেয়ার দাবি জানিয়ে বলেন, না করা পর্যন্ত আমার অনশন চলবে।

আলোকডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. মাহামুদা ইসলাম শেফালি বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি। উভয় পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির মীমাংসার করে দেয়ার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত