মোংলার সুন্দরবন থেকে প্রায় ৫০ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে বন বিভাগ। গতকাল শনিবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শেলা নদী সংলগ্ন বাদামতলী খাল থেকে আসাদুল জমাদ্দার (৩৫) নামের ওই শিকারিকে হরিণের মাংস ও ফাঁদসহ হাতেনাতে আটক করে বনপ্রহরীরা। এ সময় স্বজনপ্রীতি করে দুই শিকারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আটকের বাড়ি উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী গ্রামে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার কামরুল হাসান জানান, আসাদুল জমাদ্দারকে আটকের সময় তার ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে।
এদিকে আসাদুল জমাদ্দারকে আটকের সময় তার সঙ্গে থাকা অপর দুই সহযোগীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বন বিভাগের কতিপয় সদস্যদের বিরুদ্ধে। স্বজনপ্রীতির মাধ্যমে ছেড়ে দেওয়া ওই শিকারিরা বন বিভাগে চাকরিরত এক বন কর্তার দুই চাচাতো ভাই বলে নাম প্রকাশে অনিচ্ছুকরা জানান। তবে স্টেশন অফিসার কামরুল হাসান বলেন, ‘ওই দুজন দৌড়ে পালিয়ে গেছে।’
