একদিনে আরও ৪৫ প্রাণ নিল করোনাভাইরাস

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৪ এএম

একদিনের ব্যবধানে চীনে আরও ৪৫ জন মারা গেছেন। সব মিলিয়ে রবিবার পর্যন্ত রহস্যময় করোনাভাইরাসে ৩০৪ জনের মৃত্যু হল। আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৮০ জন।

চীনের গণমাধ্যম জানিয়েছে, শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ২৫৯। রবিবার সেটি লাফিয়ে বেড়ে যায়।

যে হুবেই প্রদেশ থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে সেখানে এখন পর্যন্ত ৯ হাজার ৭৪ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মারা গেছেন ২৯৪ জন।

আশার খবর হল এই ভাইরাসের আক্রমণ থেকে এখন পর্যন্ত ৩২৮ জন ‍সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

চিকিৎসকেরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। এটি মোড় নিতে পারে নিউমোনিয়া, রেসপিরেটরি ফেইলিউর বা কিডনি অকার্যকারিতার দিকে। পরিণতিতে ঘটতে পারে মৃত্যু।

করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। লক্ষণগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মতো। কারও ক্ষেত্রে ডায়রিয়াও দেখা দিতে পারে।

এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। সাধারণ ফ্লুর মতই হাঁচি-কাশির মাধ্যমে ছড়াতে পারে এ রোগের ভাইরাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত