বাংলাদেশ একাডেমি অব ডেন্টিস্ট্রি ইন্টারন্যাশনাল (বাডি) এর উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী দশম আন্তর্জাতিক ডেন্টাল কংগ্রেস ও ডেন্টাল এক্সপো- ২০২০।
বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া দন্ত চিকিৎসকদের এই আন্তর্জাতিক সম্মেলন শেষ হয় শুক্রবার সন্ধ্যায়।
দুই দিনব্যাপী চলা এই সম্মেলনে দেশি-বিদেশি দুই হাজার ডেন্টাল চিকিৎসক অংশ নেন।
পাশাপাশি ডেন্টাল এক্সপোতে উৎপাদক, আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক মানের বিভিন্ন ধরনের দন্ত চিকিৎসা সামগ্রী ও উপকরণ প্রদর্শন করেন।
দশমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই আন্তর্জাতিক সম্মেলনে গ্র্যাজুয়েট ডেন্টাল সার্জনদের অংশগ্রহণে দুটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে দেশি-বিদেশি দন্ত বিশেষজ্ঞরা নিজেদের অর্জিত চিকিৎসা জ্ঞান, ক্লিনিক্যাল দন্ত চিকিৎসা ও অভিজ্ঞতা শেয়ার করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাডি’র সভাপতি অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা বলেন, এবারের সম্মেলনে দন্ত সার্জন, চিকিৎসক, শিক্ষক, গবেষক, বিজ্ঞানীদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ কংগ্রেসের আয়োজন করা হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. চৌধুরী মঈন জান বলেন, এ আয়োজনের উদ্দেশ্য হলো- দেশি-বিদেশি চিকিৎসকদের পারস্পরিক অভিজ্ঞতার শেয়ার করার মাধ্যমে দেশে আরও উন্নতমানের ডেন্টাল চিকিৎসাসেবা নিশ্চিত করা। ডেন্টাল চিকিৎসকদের একাডেমিক মানোন্নয়ন করা।
তিনি আরও বলেন, বিশেষ করে রোগ হওয়ার পূর্বেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ব্যাপারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের উদ্দেশ্য- প্রান্তিক পর্যায়ে ডেন্টাল সেবা পৌঁছে দেয়া। এ লক্ষ্যে আমরা সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি।
বাডি’র জনসংযোগ সেক্রেটারি ডা. সাখাওয়াত হোসেন ছোটন বলেন, এই সম্মেলনের উদ্দেশ্য- ডেন্টাল থেকে পাস করা ডাক্তারদের মানোন্নয়ন করা। নবীন-প্রবীণ ও বিদেশি চিকিৎসকদের পরস্পরের মাঝে জ্ঞান ও প্রযুক্তির সমন্বয় সাধন করা। এখানে চিকিৎসকদের জন্য হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
হাতুড়ে ডাক্তারদের বিরুদ্ধে এ সংগঠনটি কাজ করছে জানিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে ১০ বছরে এই সংগঠন অসংখ্য চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়েছেন, বিভিন্ন সময় চিকিৎসকদের বিপদে তাদের সাহায্যে এগিয়ে এসেছে। ডেন্টাল চিকিৎসকদের জন্য কাজ করার পাশাপাশি, এই সংগঠন নানাবিধ সামাজিক কাজে অংশগ্রহণ করছে। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম করা এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করে থাকে।
