বিবিয়ানায় গ্যাস শ্রমিকদের কর্মবিরতি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৩ পিএম

বেতন-ভাতা বৃদ্ধিসহ সাত দফা দাবিতে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সাউথ-প্যাডের শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করেছেন।

রবিবার সকাল থেকে অর্ধশতাধিক শ্রমিক অফিসের প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হলে বিবিয়ানা গ্যাসক্ষেত্র অচল করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন তারা। কর্মবিরতির ফলে গ্যাসক্ষেত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শ্রমিকদের অভিযোগ, ২০১৮ সালে শ্রমিকদের বেতন ছিল প্রায় ১৫ হাজার টাকা। ২০১৯ সালে টেন্ডারের মাধ্যমে শ্রমিক নিয়োগের দায়িত্ব পায় শেভরন নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ।

বর্তমানে সৈয়দ এন্টারপ্রাইজ প্রতিমাসে বিভিন্ন পদে শ্রমিকদের বেতন দিচ্ছে ১০ থেকে ১১ হাজার টাকা।

ঠিকাদারি প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলী হায়দার আলমগীর বলেন, বিবিয়ানা গ্যাস কূপের পাঁচটি প্যাড রয়েছে। ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত ১২ ঘণ্টা ডিউটি ছিল। দৈনিক হাজিরা  ছিল সর্বনিম্ন ৪৯৬ ও সর্বোচ্চ ৮৪৭ টাকা। পরে বিবিয়ানা গ্যাসকূপ কর্তৃপক্ষ কাজের সময় ৮ ঘণ্টায় নামিয়ে আনে। ফলে দৈনিক হাজিরাও নেমে  এসেছে সর্বনিম্ন ৪৫০ ও সর্বোচ্চ ৭১০ টাকায়। চুক্তিপত্র অনুযায়ী শ্রমিকদের বেতন যা নির্ধারণ করা হয়েছিল সেই আলোকেই আমরা বেতন-ভাতা দিয়ে যাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত