বাঁশখালীতে হাতির আক্রমণে যুবকের মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:০২ এএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে বন্যহাতির আক্রমণে জহরলাল দেব প্রকাশ কালাবাঁশি (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। গত শনিবার রাত ১০টার দিকে পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়ার হিমছড়ি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়া ৮ নম্বর ওয়ার্ডের রগুনাথ দেবের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার রাতে তিনটি হাতি পাহাড় থেকে নেমে জহরলাল দেবের বাড়ির সামনে আলুক্ষেতে দাঁড়িয়ে ছিল। অন্ধকারে বিষয়টি টের না পেয়ে হাতির খুব কাছে চলে যান জহরলাল। কাছে পেয়ে হাতির দল তার ওপর আক্রমণ করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানা যায়, রাত দেড়টায় ক্ষতবিক্ষত অবস্থায় জহরলালকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার ঘটনা সত্যতা স্বীকার করেছেন। বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, খাদ্যসংকট ও আবাসস্থল দখল হওয়ার কারণে হাতিরা বেপরোয়া হয়ে বারবার লোকালয়ে আক্রমণ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত