টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি ৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার বলেন, আমি এই মুজিব জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করেছি।
তিনি বলেন, আমি ছোটবেলায় রেডিও-তে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি। এত বছর পর তার সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে আমি সত্যিই নিজেকে খুব সম্মানিত মনে করছি।
তিনি বলেন, ১৭ মার্চ থেকে মুজিব জন্মশত বর্ষ উদযাপিত হবে। ভারত অংশগ্রহণ করার জন্য তৈরি রয়েছে। মুজিব বর্ষ উদ্যাপনের মধ্য দিয়ে আমাদের দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় ও গভীর হবে।
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে তিনি আরও বলেন, এ সম্পর্কের মধ্যে বঙ্গবন্ধুর বিশাল ভূমিকা রয়েছে। এশিয়ান নেতাদের মধ্যে তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা। বঙ্গবন্ধু যে ভিশন নিয়ে পথ শুরু করেছিলেন সেটা শেষ করতে পারেননি। তার স্বপ্নের সোনার বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়িত করছেন। সোনার বাংলা গড়ার পথে ভারত আগেও পাশে ছিল, আগামীতে বাংলাদেশের পাশে থাকবে।
এ সময় তার সঙ্গে হাইকমিশনারের স্বামী প্রশান্ত কুমার দাশ, হাই কমিশনের ফাস্ট সেক্রেটারি (পলিটিক্যাল) নবনীতা চক্রবর্তী, প্রটোকল অফিসার নিরাজ কুমার বিলখা, সহকারী কেএমএস রেড্ডিসহ ৫ সদস্যের একটি প্রতিনিধি দল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে হাইকমিশনার বঙ্গবন্ধুর সমাধি সৌধ ঘুরে দেখেন এবং বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন।
তিনি বেলা ১১টায় জেলা শহরের কেন্দ্রীয় কালিবাড়ি পরিদর্শন করেন।
