দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদ জানিয়ে সংহতি সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাহিত্যের ছোট কাগজ উত্তরণ-এর আয়োজনে এ কর্মসূচি পালন করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। ২০১৮ সালে দেশে ধর্ষণের শিকার হয়েছে প্রায় ৭১৩ জন, ২০১৯ সালে হয়েছে তার দ্বিগুণ। যখন এসব ঘটনা ঘটছে তখন আমরা দুঃখ প্রকাশ করছি, প্রতিবাদ জানাচ্ছি এবং অনেক সময় চুপও থাকছি। কিন্তু এই সামাজিক ব্যাধিকে প্রতিরোধের জন্য আমরা কোনো উদ্যোগ নিচ্ছি না। তবে যারা ধর্ষণের মতো জঘন্য কাজ করছে তাদের সংখ্যা সমাজে খুব বেশি নয়।
বক্তারা আরও বলেন, সমাজের সবাই যদি একসঙ্গে সব অন্যায়-অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তাহলেই সম্ভব হবে সমাজ থেকে এ ধরনের ব্যাধি দূর করা। সারা দেশে যে ধর্ষণ চলছে তার দায় আমাদেরই নিতে হবে। কারণ আমরা এ সমাজেরই অংশ। উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিরান শাহ মুন্নার সঞ্চালনায় বক্তব্য দেন রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আবদুল মজিদ অন্তর, উত্তরণ সাহিত্য পত্রিকার প্রধান সমন্বয়ক মোহব্বহত হোসেন মিলন, রাইসা জান্নাত প্রমুখ। এ ছাড়া সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
