বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে সরকারি হওয়া দেশের ২৮ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে নিয়োগ, পদোন্নতি এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠি দিয়ে ওই ১৫টি প্রতিষ্ঠান পরিদর্শন করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্র্তৃক অনুমোদিত ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণে মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ অনুমোদন করেছেন। এর মধ্যে ১৫টি প্রতিষ্ঠানে
নিয়োগ, পদোন্নতি এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর ইত্যাদির ওপর নিষেধাজ্ঞা আরোপসহ কলেজসমূহের পরিদর্শন প্রতিবেদন আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ বিভাগে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
ওই প্রতিষ্ঠানগুলো হলো ঢাকার মিরপুরের শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ফরিদপুর বোয়ালমারীর বঙ্গবন্ধু কলেজ, রাজবাড়ীর পাংশার জাতির জনক বঙ্গবন্ধু কলেজ, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর বালীকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব কলেজ, রাজৈর উপজেলার শেখ রাসেল মহাবিদ্যালয়, বাগেরহাটের মোংলা পোর্টের বঙ্গবন্ধু মহিলা কলেজ, ঝিনাইদহ কালীগঞ্জের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল মহাবিদ্যালয়, ঝিনাইদহের মহেশপুরের শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রি কলেজ, মাগুরার শ্রীপুরের বঙ্গবন্ধু কলেজ, বরিশালের মেহেন্দিগঞ্জের দেশরতœ শেখ হাসিনা মহাবিদ্যালয়, জামালপুরের মেলান্দহের বঙ্গবন্ধু কলেজ, একই উপজেলার শেখ কামাল কলেজ, নীলফামারী ডিমলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়, নীলফামারীর জলঢাকার শিমুলবাড়ী বঙ্গবন্ধু ডিগ্রি মহাবিদ্যালয়, দিনাজপুরের ফুলবাড়ীর বঙ্গবন্ধু কলেজ।
এর আগে গত ১৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চিঠি পাঠানো হয়েছিল।
