পটুয়াখালীর কুয়াকাটা মহাসড়কে বিআরটিসি বাসের ধাক্কায় মাহিন্দ্রা থেকে ছিটকে পড়ে এসো (৮) নামে এক রাখাইন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টায় মহিপুরের ইউসুফ মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহত এসো আলীপুর হাতিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও কালাচান পাড়া রাখাইন পল্লীর উবাচুর মেয়ে।
আহতরা জানান, আলীপুর থেকে কলাপাড়া যাবার পথে ঘটনাস্থলে একটি বাস পেছন দিক থেকে মাহিন্দ্রাটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে এ শিক্ষার্থীসহ আরও দুজন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসোকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার এসআই মোজাম্মেল হক জানান, ঘটনার পরপরই পরিবহনের চালক, হেলপার পালিয়ে গেলেও বাসটিকে আটক করেছে পুলিশ।
