কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার একটি অস্ত্র মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- সদর উপজেলার শিবপুর গ্রামের বাবলু হোসেনের ছেলে শিপন (২৮) এবং মৃত ইদ্রিস আলীর ছেলে রফিকুল আলম ওরফে বাদশা (৪০)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ অক্টোবর রাত সাড়ে ১১টায় একটি হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আসামি শিপন ও রফিকুল আলমকে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি এবং দেখানো মতে, ইবি থানাধীন শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর হতে মাটিতে পুঁতে রাখা একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ অস্ত্র উদ্ধার করে র্যাব-১২, সিপিসি-১এর আভিযানিক দল।
এই ঘটনায় র্যাব-১২, সিপিসি-১ এর জেসিও ডিএডি আলী আনছার বাদী হয়ে কুষ্টিয়া ইবি থানয় গ্রেপ্তার আসামি শিপন ও রফিকুল আলমের ১৮৭৮ সালের অস্ত্র আইনের দ.বি. ১৯-এ ধারায় অভিযোগ এনে মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ১ নভেম্বরে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী সত্যতা নিশ্চিত করে বলেন, কুষ্টিয়া ইবি থানার এই অস্ত্র মামলাটিতে আসামি শিপন ও রফিকুল আলম বাদশার বিরুদ্ধে আনীত অভিযোগে চার্জ গঠন পূর্বক দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হয়। অস্ত্র আইনের দণ্ডবিধি অনুযায়ী সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
