নব্য জেএমবির (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) নারী শাখার প্রধানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেপ্তারকৃতর নাম আসমানি খাতুন ওরফে আসমা ওরফে আমাতুল্লাহ ওরফে বন্দী জীবন ওরফে নিখোঁজ আলো (২৮)। গ্রামের বাড়ি রাজবাড়ীর সদর থানার খান খানাপুর দক্ষিণপাড়া গ্রামে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
কাউন্টার টেররিজম (সিটি) বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বুধবার এ তথ্য জানিয়ে বলেন, গ্রেপ্তার আসমানি খাতুনকে বুধবার আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চার টার দিকে রাজধানীর উত্তর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, গ্রেপ্তারকৃত নব্য জেএমবির নারী শাখার প্রধান অনলাইনে বিভিন্ন নারীকে হিজরত করার কথা বলে ঘরের বাইরে বের করেছেন। সে নারী জঙ্গিদের মাধ্যমে অনেক পুরুষ সদস্যকে দলে রিক্রুট করেছেন। এদের অনেককেই আমরা গ্রেপ্তার করেছি। এখন তার কাছ থেকে জানার চেষ্টা চলছে আরও কেউ আছে কিনা।
সিটিটিসির একাধিক কর্মকর্তারা জানান, সে নব্য জেএমবির নারী শাখার প্রধান হওয়ার পর দীর্ঘদিন যাবৎ গোপনে অনলাইনে নারী সদস্য সংগ্রহ করছিলেন। অনলাইনে তার সঙ্গে নব্য জেএমবির অন্যতম নেতা ইসলাম আল হিন্দি, আবু দুজানা ও আবু মোহাম্মদের যোগাযোগ ছিল।
