লালদীঘিতে লাখো জনতার সমাগম হবে: নাছির

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৬ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) উদ্যোগে বৃহস্পতিবার মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতিবিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার বিকেলে টাইগারপাসে চসিক সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠে আয়োজিত এই মহাসমাবেশে লাখো জনতার সমাগম হবে।

সমাবেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ও সিএমপি কমিশনার উপস্থিত থাকবেন এবং উপস্থিত সবাইকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধে শপথ বাক্য পাঠ করা হবে।

সিটি মেয়র বলেন, ‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতিকে না বলুন, নিরাপদ ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলুন’ এ স্লোগান সামনে রেখে সমাবেশে সব পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণে প্রধান অন্তরায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি। এ সব বাধা দূর করতে ২০১৭ সালে চসিকের পঞ্চম নির্বাচিত পরিষদের ২০তম সাধারণ সভায় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। তারই প্রেক্ষিতে ৩০ এপ্রিল ২০১৭ সালে থিয়েটার ইনস্টিটিউটে এক সভার মাধ্যমে মাদকসেবী ও ব্যবসায়ীদের তালিকা পুলিশ কমিশনারের কাছে হস্তান্তর করা হয়। এরই ধারাবাহিকতায় নগরীর ৪১টি ওয়ার্ডে সভা করে অক্টোবর ২০১৯ এর মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে সভা করা হয়।

আ জ ম নাছির বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি জাতীয় অস্তিত্ব হুমকির সম্মুখীন। উন্নয়নের অগ্রযাত্রার অন্যতম শক্তি দেশের তরুণ সমাজ।  মাদক, সন্ত্রাসের ভয়াবহতা দুর্নীতি ও জঙ্গিবাদের ছোবল তরুণ সহ সমগ্র সমাজের সর্বনাশ ডেকে আনছে। এমতাবস্থায় দেশকে এগিয়ে নিতে হলে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিকে দমন করার কঠিন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে। তারই প্রেক্ষিতে চসিক প্রত্যেক ওয়ার্ডে সমাবেশ করে। তালিকাভুক্ত অনেক মাদক ব্যবসায়ীকে পুলিশ আইনের আওতায় এনেছে। এই সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে পুলিশ প্রশাসনের সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। ওয়ার্ডভিত্তিক মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী সভা করার ফলে সমাজের বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে মতবিনিময়, তথ্য আদান-প্রদানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে গতি সঞ্চার হয়েছে। মাদকের বেপরোয়া অবস্থা থেকে নগরে পরিবর্তন এসেছে। মাদক কারবারিদের আস্ফালন নেই। চসিকের সেবার পরিধি বাড়ানোর অংশ হিসেবে এই সমাবেশ করা হচ্ছে।

এ সময় চসিকের আইনশৃঙ্খলা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এইচ এম সোহেল, চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মোহাম্মদ জাবেদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও জাহানারা ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত