খতনা করাতে গিয়ে শিশুর লিঙ্গ কর্তন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৩ পিএম

কুষ্টিয়ায় এক শিশুর খতনা করাতে গিয়ে লিঙ্গ কর্তনের অভিযোগে হাজাম ফুরকান আলী খলিফাকে (৭০) আটক করেছে পুলিশ।

আহত সাদিক (৯) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সে স্থানীয় আকতার হোসেনের ছেলে এবং উদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।

কর্তব্যরত চিকিৎসক ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওহিদুল আলম জানান,  শিশু সাদিকের লিঙ্গের দুই তৃতীয়াংশ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। জরুরি সার্জারি বিভাগে শিশুটির রক্তক্ষরণ বন্ধে প্রয়োজনীয় শল্য চিকিৎসা দেওয়া হচ্ছে। সাধ্যানুযায়ী রি-পেয়ার করা হবে। শিশুটিকে বাঁচানো গেলেও পরবর্তীতে কতটুকু স্বাভাবিক হতে পারবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

সাদিকের বাবা আকতার হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় ছেলের খতনা করতে হাজাম ফুরকান আলী বাড়িতে আসেন। যথারীতি নিয়মে খতনা করতে গিয়ে পর পর দুইবার খুর চালিয়ে লিঙ্গের মাথা থেকে দুই টুকরো কেটে ফেলে। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরিস্থিতি যখন খুব খারাপের দিকে যায় তখন দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানিয়েছেন লিঙ্গ কেটে ফেলা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, খতনা করতে গিয়ে শিশুর লিঙ্গ কেটে ফেলানোর অভিযোগে হাজাম (খতনাকারী) ফুরকান আলী খলিফাকে আটক করেছে পুলিশ।

ফুরকান আলী সদর উপজেলার কবুরহাট খলিফাপাড়ার মৃত আব্দুল আজিজ খলিফার ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত