অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে বের হয়েছে কবি হাফিজ রশিদ খানের নতুন কাব্যগ্রন্থ ‘রাতে আমার পেখম মেলে’। এটি তার ১৭তম কবিতার বই।
বইটিতে বের করেছে আগামী প্রকাশনী। এতে কবিতা থাকছে ৬০টির মতো। প্রচ্ছদ রাজীব দত্ত। মূল্য ২০০ টাকা। মেলায় পাওয়া যাবে আগামীর স্টলে (প্যাভিলিয়ন-১)।
কাব্যগ্রন্থটি প্রসঙ্গে হাফিজ রশিদ খান দেশ রূপান্তরকে বলেন, ‘এই কবিতার বই নানাভাবে আমাদের যাপিত সময়কে স্পর্শ করে গেছে। মানুষের অন্তরের সৌন্দর্য ও তার ভেতরের ক্লেদ এই দুই পরস্পর বিরোধী প্রবণতাকে এখানে উন্মোচনের চেষ্টা করেছি। অসত্য ও অসুন্দরের বিরুদ্ধে বিশুদ্ধ মানবতার লড়াইয়ের পক্ষে উপমায়, উৎপ্রেক্ষায় শামিল হয়েছি। বিরূপ বিশ্বে নিঃসঙ্গ মানুষের সাথি হয়ে থাকার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি কবিতাগুলোর ছত্রে-ছত্রে।’
হাফিজ রশিদ খানের জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। যুক্ত আছেন সাংবাদিকতার সঙ্গে। দীর্ঘদিন ধরে কাব্যচর্চা ও গবেষণার সঙ্গে আছেন। গত বছর বেহুলা বাংলা তার ‘শ্রেষ্ঠ কবিতা’ প্রকাশ হয়।
এ বছর চট্টগ্রামের খড়িমাটি থেকে বের হবে আরেকটি কবিতার বই ‘মানুষের থেকে আলগা হতেছে মানুষেরা’। এ ছাড়া মুজিববর্ষ উপলক্ষে অ্যাডর্ন প্রকাশ করবে প্রবন্ধগ্রন্থ ‘জাতির পিতার কীর্তি, মুক্তিযুদ্ধের চেতনা ও জীবনসংস্কৃতি’।
আদিবাসী জীবনধারার ওপর রয়েছে হাফিজ রশিদ খানের প্রবল আগ্রহ। এ বিষয়ে রয়েছে চারটি কাব্যগ্রন্থ: আদিবাসী কাব্য (১৯৯৭), জুমপাহাড়ের ওম (২০০২), এই সুন্দর আমাঙ হারাবো না (২০০৬), রোদের পোস্টার (২০১৪)।
এ ছাড়া আদিবাসী সংস্কৃতির ওপর ৮টি প্রবন্ধগ্রন্থ ঢাকা ও চট্টগ্রাম থেকে বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে।
