পাবনায় তথ্যমন্ত্রী

সবকিছুতে ভুল ধরা বিএনপির বদভ্যাসে পরিণত হয়েছে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৯ এএম

সবকিছুতে ভুল ধরা বিএনপির বদভ্যাসে পরিণত হয়েছে বলে মনে করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

গতকাল শুক্রবার পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম যেভাবে কথা বলেছেন, তাতে মনে হয় বেসরকারি সংস্থার টাকা সরকারি কোষাগারে নেওয়া হবে। বিষয়টি তা

নয়। সরকারের বিভিন্ন সংস্থার উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে নেওয়ার জন্য সংসদে বিল পাস হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, এটি নিঃসন্দেহে একটি ভালো আইন। এর মাধ্যমে অর্থনৈতিক কাঠামো শক্তিশালী হবে। আসলে সবকিছুতে ভুল ধরা বিএনপির বদভ্যাসে পরিণত হয়েছে।

ঢাকা সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ নিয়ে বিএনপির অপপ্রচারের কারণে ভোটাররা আগ্রহ হারিয়েছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনী নাশকতার যে সংস্কৃতি বিএনপি চালু করেছে তার কারণেও সিটিতে ভোটার উপস্থিতি কম হয়েছে। ঢাকা সিটি নির্বাচন সুন্দর পরিবেশে হয়েছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, কোথাও কোনো অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়নি। অনেক উন্নত দেশের তুলনায় ভালো ভোট হয়েছে। ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কারণে সারা বিশ্বে সংবাদমাধ্যমগুলোকে প্রতিযোগিতা করতে হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধ করতে নয়, নিয়মনীতির মধ্যে আনার কাজ চলছে। এ সময় অন্যান্যের মধ্যে টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি অঞ্জন চৌধুরী উপস্থিত ছিলেন।

‘অর্থবিত্ত দেখে পদ-পদবি দেওয়া যাবে না’ : পাবনা এডওয়ার্ড কলেজ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, কারও অর্থবিত্ত দেখে আওয়ামী লীগে কোনো পদ-পদবি দেওয়া যাবে না। ‘অমুকের পয়সা আছে, দল চালাতে সুবিধা হবে’ এ বিবেচনায় কাউকে পদ দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এটি আমাদের দলের রাজনীতি ও আদর্শ নয়। দল ও আদর্শের প্রতি নিষ্ঠা ও নেত্রীর প্রতি একাগ্রতাই হবে দলীয় পদ পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা।’ পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুখ প্রিন্স এমপির পরিচালনায় প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতিম-ীলর সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত