রংপুরে ‘করোনাভাইরাস’ সন্দেহে যুবক হাসপাতালে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৭ পিএম

চীন থেকে আসা নীলফামারীর ডোমারের এক শিক্ষার্থী ‘করোনাভাইরাসের লক্ষণ’ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার বেলা ১২টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়। ভর্তি হওয়া ওই শিক্ষার্থীর নাম তাজদীদ হোসেন তীব্র (২৫)।

তিনি ডোমার উপজেলার জোরাবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের রেলঘুমন্টি পাড়ার আলতাফ হোসেনে ছেলে।

তাজদীদ হোসেন তীব্রর বাবা আলতাফ হোসেন জানান, ‘২০১৮ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য চীনের আনহুই প্রদেশের আনহুই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তীব্র। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় সম্প্রতি চীন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ২৯ জানুয়ারি চীন থেকে দেশে ফিরে তাজদীদ। ঢাকা বিমানবন্দরে সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর ১ ফেব্রুয়ারি বাড়ি ফেরে সে। বৃহস্পতিবার থেকে গলা ও বুকে ব্যথাসহ শ্বাসকষ্ট অনুভূত হচ্ছিল তাজদীদের। যেহেতু সে চীন থেকে ফিরেছে, সে জন্য তাকে শনিবার রাতে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসক। পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরের করোনাভাইরাসের কোনো আলামত পাননি চিকিৎসক’।

তিনি আরো জানান, ‘তাজদীদের মনের সন্দেহ দূর করার জন্য পুনরায় শনিবার সকালে ডোমার থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষার জন্য ‘করোনা’ ইউনিটে ভর্তি করি। চীন থেকে বাড়ি ফেরার পর থেকেই সে মানসিক অস্বস্তিতে ভুগছিল। তার গায়ে জ¦র নেই। তবে গলা ও বুকে ব্যথা রয়েছে।’

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) আব্দুল মোকাদ্দেম জানান, ‘চীন ফেরত তাজদীদ হোসেন তীব্রকে শনিবার বেলা ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি নেয়া হয়েছে। তাজদীদের গায়ে জ্বর নেই। তার গলা ও বুকে ব্যথা রয়েছে। তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ জন্য আমরা ঢাকায় আইইডিসিআরকে জানিয়েছি। সেখান থেকে বিশেজ্ঞ চিকিৎসক আসার পর তার পরীক্ষা-নিরিক্ষা শুরু হবে।’

এদিকে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রায়হান বারী বলেন,‘গত তিন দিন আগে তাজদীদকে পরীক্ষা-নিরিক্ষা করা হয়। তাতে তার শরীরে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা পাওয়া যায়নি। এ ছাড়া চীন থেকে সে যখন দেশে ফিরে তখন বিমানবন্দরে তার সব পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাকে বাড়ি ফিরতে দেওয়া হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত