এক বছর স্বাভাবিক পানি না খেয়ে ড্রাই ফাস্টিং করেছেন এক নারী। তার দাবি, এই ডায়েটের কারণে বিভিন্ন ধরনে ব্যথা থেকে যেমন মুক্তি পেয়েছেন, তেমনি তার হজমের সমস্যা দূর হয়েছে। ভালো হয়েছে স্কিনও।
৩৫ বছর বয়সী সোফি প্যাট্রিকের বাড়ি ইন্দোনেশিয়ার বালিতে। ডেইলি মেইলকে তিনি জানান, প্রতিদিন ১৪ ঘণ্টার মতো ‘ড্রাই ফাস্টিং’ করেন। পানির অভাব পূরণ করেছেন ফলের তরল থেকে। কখনো জুস খেয়েছেন। কখনো বা ডাবের পানি গ্রহণ করেছেন। কিন্তু সাধারণ পানি খাননি।
সোফি বলেন, ‘ডায়েট শুরুর আগে জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল। চোখ মাঝে মাঝে ফুলে যেত। আমাকে অসুস্থ দেখাত।’
‘আমার এক পুষ্টিবিদ বান্ধবী তখন আমাকে এই ধরনের ডায়েটের পরামর্শ দেয়।’
‘এটা শুরু করলে বুঝতে পারবেন শরীরের আসলেই পানির দরকার নেই। আমি খুব ভালো আছি। আগের থেকে এনার্জি বেশি পাই।’
সোফি জানান শুরুতে এটি করা কঠিন। কারণ মুখ শুকিয়ে যায়। মাথার ভেতর শুধু ‘পানি-পানি’ ঘুরতে থাকে।
‘মনে হতে পারে আপনার পানি দরকার। তখন নারকেলের পানি খাওয়া যেতে পারে। এভাবে অভ্যাস করতে হবে।’
সোফি এভাবে টিকে থাকলেও ডাক্তাররা এ ধরনের ডায়েটে খুব একটা উৎসাহ দেন না। পানি ছাড়া দীর্ঘ সময় থাকলে প্রস্রাব এবং কিডনির সমস্যা দেখা দিতে পারে।
