বরিশালে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলার সেরা অফিসার্স-ইন-চার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়া থানার মো. আফজাল হোসেন।
রবিবার বরিশাল জেলা পুলিশ লাইনসে জেলা পুলিশের মাসিক অপরাধ দমন ও কল্যাণ সভায় সেরা ওসি হিসেবে মো. আফজাল হোসেনের নাম ঘোষণা করা হয়।
সভায় ২০২০ সালের জানুয়ারি মাসে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেনকে জেলার সেরা ওসি নির্বাচিত করে তার হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
এই পুরস্কার আগামীতে আরও ভালো কাজ করতে উৎসাহ জোগাবে বলে আশা করেন ওসি আফজাল হোসেন।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল ইসলাম, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রব হাওলাদার, সহকারী পুলিশ সুপার সুশান্ত কুমার ও মো. শামস, জেলার ১০ থানার ওসি এবং জেলা পুলিশের সব অফিসার্স ফোর্সরা উপস্থিত ছিলেন।
এদিকে সভায় জানুয়ারি মাসে সর্বাধিক ওয়ারেন্ট তামিল করায় আগৈলঝাড়া থানার এসআই জামাল হোসেন এবং সামাজিক কর্মকাণ্ড করে পুলিশ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করায় জেলার বানারীপাড়া থানার এএসআই ইয়ার হোসেনকে যথাক্রমে সেরা এসআই ও এএসআই নির্বাচিত করে তাদের হাতেও ক্রেস্ট ও সনদ তুলে দেন পুলিশ সুপার।
