অর্থপাচার মামলায় মামলায় একই পরিবারের তিনজন গ্রেপ্তার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৯ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে অর্থপাচার মামলায় একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. আমিরুল ইসলাম ওরফে আলাউদ্দিন, তার স্ত্রী মোছা. মিনি খাতুন এবং তাদের মেয়ে মোছা. আলোমতি। শনিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. ফারুক হোসেন।

তিনি বলেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় মিনির নামে ১১টি, আলাউদ্দিনের নামে ৫টি ও আলোমতির নামে ৭টি মাদক দ্রব্য আইনের মামলা রয়েছে। মামলার অপর আসামি আশা খাতুন ওরফে মায়া খাতুনের নামে ৫টি মাদক মামলা আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

সিআইডির এসআই অনুপ কুমার দাশ বাদী হয়ে শনিবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় অর্থ পাচার আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন।

তদন্তে জানা গেছে, গ্রেপ্তার তিনজন পরস্পর যোগসাজশে আলমডাঙ্গা পৌরসভার স্টেশন পাড়ার মিনি খাতুনের বাড়িতে অবস্থান করে ২০০৯ সাল থেকে বিভিন্ন এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল। মাদকদ্রব্য কেনা-বেচার অর্থ দিয়ে তারা নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছে। সিআইডি কর্মকর্তারা জানান, তারা সেগুলো জব্দ করার আইনি প্রক্রিয়া শুরু করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত