নকল সোনার বারসহ মলমপার্টির ২ সদস্য আটক

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:১২ পিএম

ফেনীর সোনাগাজীতে মলমযুক্ত টাকা, নকল সোনার বার ও মলমসহ মলমপার্টির দুই সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আটককৃতরা হচ্ছে, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম মান্দারী গ্রামের মনর উদ্দিনের বাড়ির মো. নূর আলমের ছেলে মো. মাকসুদ আলম ও গাইবান্ধা জেলার সদর থানার খোলাহাটি গ্রামের করিম মুহুরীবাড়ির জয়নাল আবেদিনের ছেলে মো. শাহ আলম।

রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সোনাগাজী-ফেনী সড়কের ডাকবাংলা জিরোপয়েন্ট থেকে তাদের আটক করা হয়। এ সময় মলম পার্টির পাঁচ সদস্য থাকলেও তিনজন পালিয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের খায়েরুন নেছা নামের এক গৃহবধূকে মলম লাগিয়ে গত বৃহস্পতিবার নকল সোনার বার হাতে ধরিয়ে দিয়ে অজ্ঞান করে অভিনব কায়দায় নগদ ৫ হাজার টাকা ও ৫ ভরি সোনা লুটে নেয় ওই প্রতারকের দল।

রবিবার ওই নারী তার কন্যা চাঁদনীকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ফেনী যাচ্ছিলেন। ডাকবাংলাতে মলম পার্টির সদস্যদের ব্যববহৃত সিএনজি অটোরিকশা নোয়াখালী-থ-১১-৩৯৪৭সহ মলম পার্টির ওই পাঁচজন সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখেন খায়রুন নেসা। এসময় তিনি ও তার কন্যা চিৎকার শুরু করলে স্থানীয় জনতা দুজনকে আটক করে গণপিটুনি শুরু করে। এ সময় তাদের কাছ থেকে একটি নকল সোনার বার ও মলমযুক্ত কিছু টাকা উদ্ধার করা হয়।

খবর পেয়ে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল আটকৃতদের পুলিশে সোপর্দ করেন। সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত