বাগেরহাটে ইসহাক হাওলাদার (৪৬) নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা তার ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে পালিয়ে গেছে।
রবিবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মগরা বাদামতলা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।
নিহত ইসহাক হাওলাদার বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মগরা বাদামতলা গ্রামের প্রয়াত আবজাল হাওলাদারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দীন বলেন, রবিবার রাত ১১টার দিকে প্রতিদিনের মতো ভ্যান চালিয়ে রোজগার শেষে ইসহাক হাওলাদার তার ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে ভ্যানচালক ইসহাক তার বাড়ির কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ভ্যানটি ছিনিয়ে নিতে গতিরোধ করে।
এ সময় তিনি তার ভ্যানটি স্বেচ্ছায় দিতে না চাওয়ায় দুর্বৃত্তের দল তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে রেখে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মরদেহ ময়নাতদন্ত করতে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
