ঢাকা-বরিশাল মহাসড়কে বিআরটিসি পরিবহনের ধাক্কায় নসিমন চালক করিম খান (৩৫) নিহত হয়েছেন।
সোমবার দুপুরে জেলার ডাসার থানার কর্ণপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। করিম খান বরিশাল জেলার দক্ষিণ মাগুরা গ্রামের নাজির খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি নসিমন কালকিনি উপজেলার গোপালপুর থেকে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিলে কর্ণপাড়া নামক স্থানে আসলে বরিশাল থেকে আসা বিআরটিসি পরিবহনের সঙ্গে ধাক্কা লাগে। এতে নসিমন উল্টে গিয়ে ঘটনাস্থলে নসিমন চালক নিহত হন। নসিমন ও বিআরটিসি পরিবহন দুটিকে আটক করেছে ডাসার থানা-পুলিশ।
মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সালাউদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল থেকে নসিমনের নিচ থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছি।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বলেন, সড়ক দুর্ঘটনায় নসিমন ও পরিবহন দুটিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
