নওগাঁর আত্রাইয়ে আরিফুল ইসলাম (৩৮) নামের এক যুবককে তার নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার রাতে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বাঁকা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিকের ছেলে। আরিফুল পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম তার পরিবারকে নিয়ে ব্যবসায়িক কাজে আত্রাই সদরে থাকেন। রবিবার বিকেলে তিনি তার গ্রামের বাড়ি বাঁকা গ্রামে যান। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২ টার দিকে তার চাচা জেগে দেখেন আরিফুল ইসলামের রুমের দরজা খোলা। রুমের ভেতরে গিয়ে দেখেন আরিফুল নেই। এ সময় তাকে খুঁজতে গিয়ে বাড়ির কাছে একটি ড্রামের পাশেই তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের মাথার পেছনে ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
