গাজীপুর মহানগরীর ১৪নং ওয়ার্ডের ইসলামপুরে অগ্নিকাণ্ডে বসতবাড়ির ১২টি ঘর পুড়ে গেছে। সোমবার দুপুরে ওই এলাকার তোফাজ্জল হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুবাস বাড়ৈ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসে কর্ম©ীরা ঘটনাস্থলে ছুটে যান। আগুনে তোফাজ্জল হোসেনের বসতবাড়ির ১২টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় ঘরের ভাড়াটিয়ারা কেউ বাসায় ছিল না। ফলে তাদের ঘরের সব মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এদিকে নারায়ণগঞ্জে রূপগঞ্জে তিন হাজার ব্রয়লার মুরগিসহ তিনতলা টিনশেড খামার পুড়ে ছাই হয়ে গেছে। গত রবিবার রাতে উপজেলার কায়েতপাড়া এলাকার মাঝিনা নদীর পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে খামারির মুরগি, খাদ্য ও সরঞ্জাম পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামারের মালিক।
ক্ষতিগ্রস্ত খামারি রাসেল মোল্লা জানান, তার মালিকানাধীন ফাহমিদা এন্টারপ্রাইজ নামে একটি ব্রয়লার মুরগি ফার্মে গত আট বছর ধরে ভাড়া নেওয়া জমিতে তিনতলা টিনশেড ভবন করে মুরগি উৎপাদন ও বিক্রয় ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো রবিবার রাত ১২টার দিকে খামার থেকে বাড়িতে ঘুমাতে চলে যান। রাত ২টার দিকে তিনি স্থানীয়দের কাছে জানতে পারেন তার খামারের আগুন লেগেছে। রাতের অঁাধারে দুর্বৃত্তরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি। এ বিষয়ে ভুক্তভোগী রাসেল মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাবিব মোহাম্মদ সামাদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা সঠিক সময়ে রওনা হই। কিন্তু ডেমরা কালীগঞ্জ সড়কের জাঙ্গীর এলাকার সড়ক ভাঙা থাকার কারণে ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়। ততক্ষণে খামারের বেশিরভাগ অংশ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে কাউকে জড়িত থাকার প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
