হবিগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৯ এএম

হবিগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলে দীপু সরকারকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদ-ের আদেশ দেওয়া হয়।  গতকাল সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাছিম রেজা।

দন্ডপ্রাপ্ত দীপু সরকার মাধবপুর উপজেলার একতারপুর (নোয়াহাটি) গ্রামের শ্রী রাজমোহন সরকারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১৫ এপ্রিল রাত ৭টার দিকে দীপু সরকার তার মা রৌশন বালা সরকারকে ভাত দিতে বলে। এ সময় তার মা ভাত দিতে অপারগতা প্রকাশ করলে একটি বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিঠাতে থাকে। তার চিৎকার শুনে দীপুর বৌদি তুলন সরকার এগিয়ে এলে তাকেও মারধর করে। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এসে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা রৌশন বালা সরকারকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন : লক্ষ্মীপুরের কমলনগরে কিশোরী ধর্ষণ মামলায় আবদুর রহিম নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও মো. হেলাল নামে অপর এক আসামির ৫ বছরের সাজা দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির ১০ হাজার টাকা ও অপর সাজাপ্রাপ্তের ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেকের এক মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একই মামলায় শ্যাম সুন্দর নামে অপর আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে বেলা ১২টায় লক্ষ্মীপুর (জেলা ও দায়রা জজ আদালত) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কতুবী এ রায় দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত