একনেকে উঠছে আজ

খুলনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় বাড়ছে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৭ এএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ১৪৬ কোটি ৯১ লাখ টাকা ব্যয় বাড়ছে। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ১৮৮ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির বেশ কয়েকটি অঙ্গের সংখ্যা

বৃদ্ধি পাওয়ায় ব্যয় বাড়ানোর এ প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানোরও প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২০১৬ সালের এপ্রিলে অনুমোদন পাওয়া প্রকল্পটি ২০২১ সালের জুনে শেষ হওয়ার কথা। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির সংশোধনী অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় উচ্চশিক্ষাকে দেশের মানবসম্পদ উন্নয়নসহ আর্থসামাজিক উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে অধিকসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাবেন। প্রকল্পটির জন্য চলতি অর্থবছরে ৬৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে। সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত প্রকল্পের ক্রমপুঞ্জিত অগ্রগতি ৪৯ কোটি ৬৯ লাখ টাকা ও বাস্তব অগ্রগতি হয়েছে প্রায় ২৬ শতাংশ।

প্রকল্প সংশোধনের কারণ হিসেবে বলা হয়েছে, প্রকল্পটির ডিপিপি প্রণয়ন করা হয়েছিল পিডব্লিউডি রেট শিডিউল-২০১৪ অনুযায়ী। পিডব্লিউডি হালনাগাদ রেট শিডিউল-২০১৮ কার্যকরী হওয়ায় সংশ্লিষ্ট অঙ্গগুলোর ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া যৌক্তিক কারণে কয়েকটি ভবনের ক্যাটাগরি পরিবর্তন ও কয়েকটির আয়তন বৃদ্ধিরও প্রস্তাব করা হয়েছে।

এ বিষয়ে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য আবুল কালাম আজাদ বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে উচ্চশিক্ষায় অধিকসংখ্যক ছাত্রছাত্রীর ভর্তির সুযোগ সৃষ্টি হবে, যা দেশে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধিতে সহায়ক হবে। এ জন্য প্রকল্পটি একনেক সভায় অনুমোদনের জন্য বিবেচনা করা যেতে পারে।’

প্রকল্পের প্রধান কার্যক্রম হচ্ছে—একাডেমিক ভবন নির্মাণ, শিক্ষক ও কর্মকর্তাদের আবাসিক ভবন নির্মাণ, ছাত্র-শিক্ষক মিলনায়তন ভবন ও অডিটরিয়াম নির্মাণ, মেডিকেল সেন্টার নির্মাণ, প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, ছাত্রী হলের সম্প্রসারণ, বঙ্গবন্ধু হলের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, গেস্ট হাউজ-কাম ক্লাবের সম্প্রসারণসহ আনুষঙ্গিক কাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত