কুষ্টিয়ায় হত্যা দায়ে ৩ জনের যাবজ্জীবন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৫ পিএম

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার একটি হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহ জেলার কুলবাড়িয়া গ্রামের মহিউদ্দিন মিয়ার ছেলে (পলাতক আসামি) মো. রবিউল ইসলাম, একই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে গোলাম সরোয়ার ওরফে সরু (৪৫) এবং কোটচাঁদপুরের ব্রিজঘাট বাদাম বাজার এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে আনিসুজ্জামান ওরফে আনিছ (৫৭)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৫ অক্টোবর সকাল সাড়ে ৬টায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পার্শ্ববর্তী ডোবা (শান্তিডাঙ্গা এলাকা) হতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ইবি থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২৭ এপ্রিল আদালতে চার্জশিট দেয় পুলিশ। সেখানে হত্যার মোটিভ সম্পর্কে উল্লেখ করা হয়, আসামি আনিসুজ্জামান আনিছ, রবিউল ইসলাম ও গোলাম সরোয়ার সরু জামালপুর জেলার বাসিন্দা বাদাম ব্যবসায়ী হবিল ব্যাপারীর এক লাখ ৫৪ হাজার টাকা মূল্যের বাদাম আত্মসাতের লক্ষ্যে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, কুষ্টিয়া ইবি থানার এই হত্যা মামলাটিতে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগে চার্জ গঠন পূর্বক দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর সাজার আদেশ দিয়েছেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত