জামাতার বাড়িতে শাশুড়ি খুন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩২ পিএম

নওগাঁর মান্দায় জামাতার বাড়িতে গিয়ে হালিমা বিবি (৭০) নামে এক নারী নিহত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শীল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করেছে থানা-পুলিশ।

আটককৃতরা হলো তেঁতুলিয়া ইউনিয়নের শীল গ্রামের আবু সাঈদের ছেলে হায়দার আলী (২৫),  এমদাদুল হক (৪৫), সায়েরা বিবি (৬০) এবং আবু সাঈদের পুত্রবধূ শাকিলা (২০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেল গাছের বেল নামানোকে কেন্দ্র করে নিহত হালিমা বিবির  নাতি সাজেদুর রহমানের সঙ্গে তার প্রতিবেশী আবু সাঈদের কথা-কাটাকাটি হয়। পূর্বের জের ধরে মঙ্গলবার সকাল ১১ টার দিকে একটি মাঠে সাজেদুর রহমানের সঙ্গে আবু সাঈদ ও তার ছেলেদের মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে সাজেদুর রহমান পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। তার কিছু পর আবু সাঈদ তার দুই ছেলেকে ও অন্যদের নিয়ে সাজেদুর রহমানের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলার শিকার হয়ে সাজেদুরের নানি হালিমা বিবি ঘটনাস্থলেই মারা যায়।

মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাফ্‌ফর হোসেন দেশ রূপান্তরকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু সাঈদের ছেলে হায়দার আলী ও এমদাদুল হকের  স্ত্রী সায়েরা বিবি  এবং আবু সাঈদের ছেলের বউ শাকিলাকে আটক করা হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত