কেজরিওয়ালের বিধায়কের গাড়িতে গুলি, নিহত ১

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৮ পিএম

তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর আম আদমি পার্টির কেজরিওয়াল যখন উদ্‌যাপনে ব্যস্ত, ঠিক তখন এল দুঃসংবাদটা। মঙ্গলবার রাতে তার বিধায়ক নরেশ যাদবের গাড়ি লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালায় এক দুর্বৃত্ত। সেই হামলাতেই মৃত্যু হয় গাড়িতে থাকা এক কর্মীর।

এই ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার প্রতাপ সিংহ জানিয়েছেন, হামলাকারী এক জনই ছিল। আটক হওয়া ওই ব্যক্তিকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, নরেশ যাদব নয়, হামলার লক্ষ্য ছিলেন অশোক মান নামের আরেকজন।

পুলিশের দাবি, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হামলা। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই।

মেহরাউলি থেকে এ বারের ভোটে জিতেছেন নরেশ যাদব। জয় নিশ্চিত হওয়ার পরই তিনি কর্মী-সমর্থকদের নিয়ে দক্ষিণ দিল্লির কিষাণগড়ের একটি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন। ফেরার সময় আচমকাই ভিড়ের মধ্য থেকে গুলি আসে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অশোকের।

এবার ৬২টি আসন পেয়ে বিপুলভাবে জয়ী হয়েছে আম আদমি পার্টি। মাত্র ৮টি আসন পেয়ে ধরাশায়ী হয়েছে বিজেপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত