নেত্রকোনায় মাদক চোরাকারবারি ভারতীয় নাগরিক আটক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৫ পিএম

নেত্রকোনা ৩১ বিজিবির সীমান্ত টহল দল অভিযান চালিয়ে প্রেন্তুষ ডি সাংমা (৩৮) নামে এক ভারতীয় তালিকাভুক্ত মাদক চোরাকারবারিকে আটক করেছে।

বুধবার বিকেলে নেত্রকোনা সদর দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ৩১ বিজিবির উপ অধিনায়ক নুরুদ্দীন মাকসুদ। আটক প্রেন্তুষ ডি সাংমা ভারতের বাঘমারা জেলার নলুয়াগিরি গ্রামের সারশেল এম সাংমার ছেলে।  

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, নেত্রকোনার চারুয়াড়া বিওপির অধীনে বিজিবি ৬ সদস্যের একটি টহল দল সীমান্ত পিলার ১১৪২/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোবরছনা নামক এলাকায় মঙ্গলবার বিকেলে টহল দিচ্ছিল। এ সময় অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় এক নাগরিক প্রবেশ করলে টহল দল তাকে আটক করে।

পরে তল্লাশিকালে তার নিকট ১টি দা, ১টি চাকু, ১টি মোবাইল এবং ২টি মোবাইল সিম জব্দ করা হয়। পরে খোঁজ নিয়ে দেখা যায় আটক ব্যক্তি ভারতীয় মাদক চোরাকারবারি তালিকাভুক্ত সদস্য হিসেবে চিহ্নিত।  

আটক ভারতীয় মাদক চোরাকারবারিকে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত