মধুমতীতে জোয়ার আসবে ঠিকই কিন্তু বিএনপির আন্দোলনের জোয়ার আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘মির্জা ফখরুল আন্দোলন করেন, নির্বাচনেও হারেন। বেচারা কী আর করবেন। হতাশায় আবোল-তাবোল বক্তব্য দেন।’ গতকাল বুধবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে
উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কয়েক মাস পরপরই তারা (বিএনপি) বলে আন্দোলন করবেন। পরীক্ষার পর আন্দোলন, কোরবানির পর আন্দোলন, রমজানের পর আন্দোলন। দিন যায়, মাস যায়, বছর যায়। দেখতে দেখতে এক বছর কেটে গেল আন্দোলন আর হয় না।’ সেতুমন্ত্রী প্রশ্ন করে বলেন, ‘আন্দোলন কোন বছর হবে? বিএনপির আন্দোলনে মরা গাঙ্গে জোয়ার আসে না।’
কাদের বলেন, স্বাধীনতাবিরোধী বিএনপি নেতারা নির্বাচনে ব্যর্থ হয়ে, আন্দোলনে ব্যর্থ হয়ে এখন বিদেশিদের কাছে নালিশ করেন। এর মধ্য দিয়ে তারা দেশকে ছোট করেন। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অন্ধকারের পরাশক্তি পরাজিত হয়েছে। আমরা আর তাদের ক্ষমতায় আসতে দেব না। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা মূলধারা বাংলাদেশ চালাব। আর কোনো অপশক্তি মসনদে বসতে পারবে না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘মুজিববর্ষে আওয়ামী লীগকে আমরা আগাছামুক্ত করতে চাই। ঘরের মধ্যে ঘর করবেন না। নেতা হবে তারা যারা আওয়ামী লীগের দুঃসময়ে ছিল। ত্যাগী নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি করলে আওয়ামী লীগ কোণঠাসা হয়ে পড়বে।’
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র জয়ধরের সভাপতিত্বে এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী।
