চবি শিক্ষার্থী বহনকারী বাস খা‌দে, আহত ২৫

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৯ পিএম

চট্টগ্রাম বিশ্ব‌বিদ্যাল‌য়ের (চ‌বি) এক‌টি বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে অন্তত ২৫ শিক্ষার্থী আহ‌ত হ‌য়ে‌ছেন। আহতরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

তাদের ম‌ধ্যে ১২ জনকে উন্নত চি‌কিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি‌দের চট্টগ্রা‌মের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথ‌মিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রা‌মের হাটহাজারীতে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ফটিকছড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে আসছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রা‌মের ফটিকছড়ি থেকে বিশ্ব‌বিদ্যালয়গামী শিক্ষার্থী বহনকারী বাসটি ছেড়ে আসে। হাটহাজারী উপ‌জেলার মনিয়াপুকুর এলাকায় পৌঁছালে অন্য একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

এতে বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে ২৫ জন আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতা‌লে পাঠায়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। আহতদের মধ্যে ১২ জনকে চমেকে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত