সিলেটে জেলে সেজে আসামি ধরল পুলিশ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৮ পিএম

সিলেটে জেলে সেজে ডাকাতি মামলার আসামি জসিম উদ্দিন শিকদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে সিলেটের জকিগঞ্জ উপজেলার কচুকলি হাওর থেকে তাকে গ্রেপ্তার করে জকিগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার জসিম উদ্দিন জকিগঞ্জের লোহার সাঙ্গন গ্রামের মৃত আবদুল গফুর শিকদারের ছেলে। জসিমের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) লুৎফুর রহমান জানান, গত ১৯ জানুয়ারি জকিগঞ্জের বুরহানপুর গ্রামের সৌদি আরব প্রবাসী আবদুল জব্বারের বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় দায়ের মামলায় পুলিশ আবদুল হাফিজ ও ইকবাল হোসেন এক্কাই নামে দুজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে ওই ডাকাতিতে জসিম উদ্দিন জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এরপর থেকে জসিমকে গ্রেপ্তারের চেষ্টায় নামে পুলিশ। বুধবার রাতে একদল পুলিশ জেলে সেজে কচুকলি হাওরে যান। এক পর্যায়ে হাওরে অবস্থানরত জসিম উদ্দিনকে তারা গ্রেপ্তার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত